আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ২৯৯-পার্বত্য রাঙামাটি আসনে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার রাঙামাটির একমাত্র এই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদসহ মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে প্রার্থীরা রাঙামাটি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে তাদের মনোনয়নপত্র হস্তান্তর করেন। দিনের শুরুতে সকাল সাড়ে ১১টায় প্রথমে বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান মনোনয়নপত্র জমা দেন। এরপর দুপুর সাড়ে ১২টায় জামায়াত মনোনীত প্রার্থী মোখতার আহমেদ, দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, দুপুর আড়াই টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জসিম উদ্দিন এবং বিকেল ৪টায় গণঅধিকার পরিষদের প্রার্থী এম এ বাশার তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে প্রার্থীরা উপস্থিত সাংবাদিকদের কাছে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন সময়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার এবং খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিকেল ৫টায় রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এই আসন থেকে মোট ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। তবে ২৯ ডিসেম্বর সোমবার বিকেল ৫টা পর্যন্ত মোট ৮ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে দাখিল করেছেন।
ইএইচ