বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ছোট হরিণা জোনের উদ্যোগে 'সম্প্রীতি ও উন্নয়ন' কার্যক্রমের আওতায় অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে বরকল উপজেলার সীমান্তবর্তী ত্রিপুরাঘাট গ্রামে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে প্রায় শতাধিক পাহাড়ি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। ছোট হরিণা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের সরাসরি চিকিৎসাসেবা দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা উপস্থিত থেকে বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
তারা বলেন, সীমান্তবর্তী ও দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় লোকজন সহজে শহরে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে পারেন না। এমন পরিস্থিতিতে বিজিবির এই নিয়মিত চিকিৎসাসেবা তাঁদের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
ইএইচ