দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার বলেছেন, ‘আমাদের সময়ে বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে বই দেওয়া হতো না। আমাদের মাত্র দু-একটি বই দেওয়া হতো এবং আমরা বড়দের কাছ থেকে পুরাতন বই সংগ্রহ করতাম। তোমরা এখন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছো। আজকের এই বই প্রাপ্তি তোমাদের লেখাপড়ায় আরও অনুপ্রাণিত করবে।’
বৃহস্পতিবার সকালে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সরকারের সমাজসেবামূলক কাজের অন্যতম একটি কাজ হলো বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই উপহার দেওয়া। তোমরা মন দিয়ে লেখাপড়া করে নিজের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।’
দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জিতু মিয়া, আব্দুল কাদির, লাকী সঞ্চরিণী বিশ্বাস, তানজিনা সরকার, রুহেল সরদার, জেসমিন আক্তার, হাদিয়া আক্তার, স্বপ্না রানী দাস প্রমুখ।
ইএইচ