রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ের শিয়ালদহ ও জামপাড়ার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। তীব্র শীতে মানবেতর জীবনযাপন করা ৬০টি গরিব ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাহিনীটি।
শনিবার বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার শিয়ালদহ বিওপি কমান্ডার নায়েক সুবেদার মো. মশিউর রহমান গ্রামগুলোতে গিয়ে অসহায় মানুষদের হাতে এই কম্বল তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী বলেন, পাহাড়ে এখন প্রচণ্ড শীত পড়ছে। সীমান্তের দুর্গম এলাকার অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবের চিন্তা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। বিজিবি সবসময় সীমান্তের সুরক্ষার পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে। এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শীতের এই কঠিন সময়ে নতুন কম্বল পেয়ে শিয়ালদহ ও জামপাড়ার কারবারি (গ্রাম প্রধান) এবং স্থানীয় বাসিন্দারা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।
জেএইচআর