রাঙামাটিতে পিসিসিপির উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:২১ পিএম

পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ও মানবসেবার ব্রত নিয়ে নতুন বছরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনটির রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শহরের কাঁঠালতলী মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পাহাড়ের তীব্র শীতে কষ্ট পাওয়া শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা এবং মানবসেবা এই দুই শক্তির সমন্বয়েই একটি সুস্থ সমাজ গড়ে ওঠে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই পিসিসিপি নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি আরও যোগ করেন, পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পিসিসিপি সবসময় নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে থাকবে।

কর্মসূচিতে পিসিএনপি রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, পাহাড়ে মানবিক সমাজ গঠনে তাঁদের এই সামাজিক ও সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

জেএইচআর