তানোরে অসহায় প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

তানোর (রাজশাহী) প্রতিনিধি  প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

রাজশাহীর তানোরে তীব্র শীতের প্রকোপ থেকে সুরক্ষা দিতে অসহায় ও দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার দুপুর ২টার দিকে তানোর পৌর ভবন চত্বরে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে উন্নতমানের কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম. এ মালেক মন্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। নাগরিক হিসেবে তাঁদেরও সমান অধিকার রয়েছে। এমনকি জনপ্রতিনিধি নির্বাচনেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সরকারি সকল বরাদ্দ ও সামাজিক সুযোগ-সুবিধায় প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি জোরালো আহ্বান জানান।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার। মুণ্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান। মুণ্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সেক্রেটারি আজিজুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সেক্রেটারি আমেনা খাতুন। এ সময় গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারি সাংবাদিক টিপু সুলতানসহ এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর