নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বর্তমানে জেলার সাধারণ মানুষের কাছে এক অনন্য 'জনবান্ধব প্রশাসক' হিসেবে পরিচিতি পেয়েছেন। মাঠ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শুধু অফিস কক্ষের ফাইলে সীমাবদ্ধ না থেকে সরাসরি মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। সম্প্রতি নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং তিস্তার চরাঞ্চলে অবস্থানরত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ করে তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। এছাড়া হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাটের উন্নয়ন কাজ সরাসরি তদারকি করছেন তিনি।
স্থানীয় নাগরিকরা জানান, প্রশাসনের উচ্চপদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান সাধারণ মানুষের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেন। জয়লান নামের একজন প্রবীণ নাগরিক বলেন, এমন জনবান্ধব জেলা প্রশাসক আগে দেখিনি, যিনি সব সময় মানুষের মাঝে এসে দাঁড়ান।
নিজের কাজ সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। নীলফামারীর প্রতিটি মানুষের সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নই আমার মূল অগ্রাধিকার।
জেএইচআর