যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।
রোববার পিরোজপুরের নাজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এক সহযোগী সদস্য সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, “ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সব রাজনৈতিক দলকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। একেক দলের একেক রকম মতাদর্শ বা রাজনীতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে সব দলকে এক থাকতে হবে। সবার সামনে মূল বিষয় হওয়া উচিত বাংলাদেশ। জুলাইয়ে যারা রক্ত দিয়েছেন, তাদের রক্ত যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের সঙ্গে বেইমানি করা হবে। আমাদের পাশের দেশ ভারতের মতো একটা বিশাল শক্তি প্রতিনিয়ত বাংলাদেশকে ব্যর্থ প্রমাণের জন্য চেষ্টা করছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। যত ষড়যন্ত্রই হোক, ঐক্যবদ্ধ নতুন এক বাংলাদেশ আমরা গড়বোই, ইনশাআল্লাহ।”
এ সময় তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও স্থিতিশীল এক বাংলাদেশ দেখতে চায়; সুখী সমৃদ্ধশালী এক বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় এই দেশে অস্থিরতা সৃষ্টি করে রাখা হয়েছে। তাই একটি কল্যাণময় রাষ্ট্র গঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
আগামীর বাংলাদেশ প্রসঙ্গে জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, “জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে হবে। উন্নয়নের সুফল প্রত্যেক মানুষের বাড়ি পৌঁছে দিতে হবে। দেশে কোনো বৈষম্য থাকতে দেওয়া হবে না। দেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীর ঠাঁই হবে না। এ দেশ হবে সত্যিকারের স্বপ্নের এক সোনার বাংলাদেশ। এ লক্ষ্য পূরণে জামায়াতের প্রতিটি কর্মীকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হবে।”
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জিয়ানগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, উপজেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বেলালী, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মো. শামিম আহমেদ ও ওবায়দুল্লাহ প্রমুখ।
ইএইচ