হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

বরিশাল ব্যুরো প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:০৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন শিক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা।

সোমবার সকাল ১১টায় বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর সদর রোডে এসে পৌঁছালে সেখানে তারা প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। 

এরপর বিচারের দাবিতে পুনরায় একটি মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলা ও চৌমাথা হয়ে নথুল্লাবাদে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তরে মুক্তিযোদ্ধারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে তাদেরও একই অবস্থার শিকার হতে হবে। তারা দাবি করেন, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে তারা ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সময় অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও প্রদান করেন।

ইএইচ