রাঙামাটির নানিয়ারচর জোনের ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ উত্তম কুমার নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
নানিয়ারচর সেনা জোন কর্তৃপক্ষ জানায়, মহালছড়ি থেকে মানিকছড়ির দিকে এক ব্যক্তি অবৈধ অস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়। ওই রুটে চলাচলকারী বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশিকালে উত্তম কুমারকে চ্যালেঞ্জ করে দায়িত্বরত সেনাসদস্যরা।
তল্লাশির সময় ওই ব্যক্তির কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি (অ্যামুনিশন), একটি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করা হয়। আটকের সময় উত্তম কুমার মদ্যপ অবস্থায় ছিলেন বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে।
আটককৃত ব্যক্তি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার টিলাপাড়া এলাকার বাসিন্দা বলে পরিচয় নিশ্চিত করা হয়েছে।
নানিয়ারচর জোন কমান্ডার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে নানিয়ারচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
জেএইচআর