মির্জাপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ, ৬ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৭:০৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটা সম্পূর্ণ ধ্বংস ও ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফতেপুর ও ভাদগ্রাম ইউনিয়নের পৃথক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সাইজুদ্দিন অ্যান্ড খান ব্রিকসের কিলন ও কাঁচা ইট ধ্বংস করা হয়। 

একই সাথে বৈধ কাগজপত্র না থাকায় ৫ লাখ টাকা জরিমানা এবং ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। অপরদিকে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের ঘুগী এলাকায় মেসার্স এস.এম.বি ব্রিকস মালিককে কৃষি জমির মাটি ব্যবহার করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. নওশাদ আলম এই অর্থদণ্ডের আদেশ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার, সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল, পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধরসহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইএইচ