সঠিক ও নিরপেক্ষ তথ্য উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল।
বুধবার সকালে গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শহরের জাতীয় মহিলা সংস্থার হলরুমে আঞ্চলিক তথ্য অফিস সিলেটের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক তথ্য অফিস সিলেটের উপপ্রধান তথ্য অফিসার মো. আকিকুর রেজা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তোহিদুজ্জামান পাভেল বলেন, “সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোটের সময় দায়িত্বশীল সাংবাদিকতা জনগণের আস্থা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে। অপপ্রচার রোধ ও সঠিক তথ্য প্রচারে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা এবং অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন পিপিএম।
সেমিনারে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিতে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত কাজের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচ