রাঙামাটিতে রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

রাঙামাটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা। 

তিনি বলেন, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের ভূমিকা রহস্যজনক। তাই বিশ্বাসযোগ্য সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রিটার্নিং অফিসার নাজমা আশরাফীকে ২৪ ঘণ্টার মধ্যে রাঙামাটি থেকে প্রত্যাহারের দাবি করেন পদপ্রার্থী জুঁই চাকমা।

বুধবার দুপুরে কোর্ট বিল্ডিং এলাকায় দলীয় অস্থায়ী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী যুব সংহতির জেলা কমিটির সভাপতি পলাশ চাকমা প্রমুখ।

জুঁই চাকমা আরও বলেন, রাঙামাটির মানুষ অত্যন্ত নম্র এবং ভদ্র। নাজমা আশরাফীর মতো অতি দাম্ভিক ও অসৌজন্য আচরণ করা লোক ডিসি হিসেবে দায়িত্ব পালন করলে নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ থেকে যায়। আমরা ২০১৮ ও ২০২৪ সালের মতো সাজানো ও লোক দেখানো আরেকটি নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র গত ৪ ডিসেম্বর রবিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস গ্রেপ্তারের ঘটনায় তিনি প্রতিবাদ জানান এবং সম্মানজনকভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানান।

 

ইএইচ