নির্বাচনী উত্তাপের মধ্যে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের পথ বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ৯টা ৩০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশবিঘি এলাকায় একটি সফল অভিযান পরিচালিত হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমতপুর বিওপির একটি চৌকস টহল দল জানতে পারে যে, একদল দুষ্কৃতকারী ভারত থেকে অস্ত্র নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮২/৩-এস থেকে প্রায় ৪০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে উনিশবিঘি গ্রামের একটি আমবাগানে বিজিবি ওত পেতে থাকে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২টি বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে বিজিবি অধিনায়ক বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলো আনা হয়েছিল।
তিনি আরও জানান, অপরাধী চক্রটি যাতে দেশের ভেতরে বড় কোনো নাশকতা করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে।
উদ্ধারকৃত বিদেশি অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা শাখা কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
৫৯ বিজিবি সূত্র জানায়, গত কয়েক মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে ব্যাপক সাফল্য দেখিয়েছে।
লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া তার বক্তব্যে পরিষ্কার বার্তা দিয়েছেন যে, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। বিশেষ করে নির্বাচনের আগে জননিরাপত্তা নিশ্চিতে সীমান্তে ‘সিল’ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে শিবগঞ্জের আজমতপুর সীমান্তের উনিশবিঘি গ্রামের আমবাগান থেকে ২ টি বিদেশি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো থানায় হস্তান্তরের প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত আছে।
ইএইচ