কিশোরগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৪১ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, 'আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' এই স্লোগান সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

এতে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঞার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইসরাঈল মিঞা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি রুকন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব ফয়সাল প্রিন্স ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলার বিষয়ে উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়। পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।” পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব অবৈধ অস্ত্র, মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। 

মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে তিনি বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

ইএইচ