বান্দরবানের বহুল আলোচিত ও নানা কারণে সমালোচিত বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সকল কার্যক্রম খতিয়ে দেখবে জেলা প্রশাসন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বান্দরবানের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।
এ সময় তিনি বলেন, “বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির অনিয়ম সংক্রান্ত কোনো বিষয় জানা ছিল না। কেউ বলেনি, তবে যেহেতু আজ জানলাম, আমরা বিষয়টি খতিয়ে দেখব।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন কোনো কমিটি থাকলে অনিয়ম হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হবে।” এ সময় তিনি জিপ চালকদের শৃঙ্খলায় ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত ইতিবাচকভাবে বাস্তবায়িত হয়েছে বলেও উল্লেখ করেন।
তিনি জানান, বিআরটিএ-এর মাধ্যমে পর্যটকবাহী বেশিরভাগ জিপ চালককে লাইসেন্সের আওতায় আনা হয়েছে। এ ছাড়া ডাবল ট্রিপ প্রবণতাকে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে।
এদিকে সমিতির নিবন্ধন, নির্বাচন ও আর্থিক বিষয়ের সার্বিক তথ্য জানতে চাইলে সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “আমি এখানে সদ্য যোগদান করেছি। বর্তমানে ছুটিতে আছি। আগামী রবিবার এ বিষয়ে বিস্তারিত জানাতে পারব।”
সমিতির অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে কয়েকজন ভুক্তভোগী জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন। এসব বিষয়ে জানতে জিপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাসিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ইএইচ