যশোরের ঝিকরগাছা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক প্রার্থীর বাড়ি থেকে ৫০ মণের বেশি ধান চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রিপন মাহমুদ যশোর-০২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের এবি পার্টির মনোনীত সংসদ পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক।
শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামে রিপন মাহমুদের পৈতৃক বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জনসমক্ষে আনেন।
রিপন মাহমুদ দাবি করেন, চোর চক্র গোয়ালের তালা বা গেট না ভেঙে অত্যন্ত কৌশলে চালার টিন উঁচু করে রাতভর এই বিপুল পরিমাণ ধান নিয়ে গেছে। বাড়ির ভেতর থেকে কীভাবে সবার অলক্ষ্যে এত ধান বাইরে নেওয়া সম্ভব হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি আরও উল্লেখ করেন, আশপাশের খোলা মাঠে অনেক কৃষকের ধান পড়ে থাকলেও সেগুলো অক্ষত রয়েছে, অথচ শুধু তার বাড়িতেই এমন চুরির ঘটনা ঘটেছে। নির্বাচনী ডামাডোলের মধ্যে এই ঘটনাকে তিনি 'রহস্যজনক' বলে অভিহিত করেছেন।
ফেসবুকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং তদন্ত কাজ শুরু করেছেন। তবে এই চুরির ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি কিংবা কাউকে আটক করা সম্ভব হয়নি।
জেএইচআর