ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন। ৪ বিজিবি উপ-শাখা সীপকস এর ব্যবস্থাপনায় দু’শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলার খেজুরিয়া সীমান্ত ফাঁড়ি এলাকায় এসব শীতবস্ত্র (কম্বল) তুলে দেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
তিনি বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এবং সামাজিক বন্ধনে মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য।
সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব।
ইতোপূর্বে আমরা বন্যায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং ফ্রি চিকিৎসা ক্যাম্পিংসহ ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সর্বদা সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে থেকে আস্থার প্রতীক হয়ে কাজ করবে।
বিজিবির সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কম্বল হাতে পেয়ে এক বৃদ্ধ জানান, ফেনীতে কয়েকদিন ধরে খুব বেশি ঠাণ্ডা পড়ছে। শীতে ঘর থেকে বের হওয়া যায় না, রাতে কম্বলের অভাবে ঠিকমতো ঘুমানোও সম্ভব হচ্ছিল না। আজ বিজিবির পক্ষ থেকে কম্বল পেয়ে আমাদের খুব উপকার হলো।
অনুষ্ঠানে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইএইচ