২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:০৭ পিএম

পিরোজপুর জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) শাখা কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া আঠারো হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ভুক্তভোগীদের হাতে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা তুলে দেন।

পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন থানায় দায়ের করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের এই প্রযুক্তিনির্ভর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্ধারকৃত মোবাইল ফোনের মধ্যে পিরোজপুর সদর থানার ৭টি, ইন্দুরকানী থানার ৫টি, মঠবাড়িয়া থানার ৩টি, নাজিরপুর থানার ৫টি এবং নেছারাবাদ থানার ২টি মোবাইল ফোন রয়েছে।

এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির মাধ্যমে উদ্ধার হওয়া ১৮ হাজার টাকার মধ্যে পিরোজপুর সদর থানার আওতায় ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার আওতায় ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

হারানো মোবাইল ফোন ও প্রতারিত টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা পিরোজপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ইএইচ