গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্য গ্রেপ্তার

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৭:০৯ পিএম

মধ্যরাতে সরকারি হাসপাতালে স্বামীর সঙ্গে নিরাপদ আশ্রয় নিতে গিয়েছিলেন এক নারী। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের দ্বারাই ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।

হাসপাতালের ভেতরে পালাক্রমে ওই নারীকে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অসুস্থ হওয়ায় ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার ভোররাত আনুমানিক ৩টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এই ঘটনাটি ঘটে। 

ভুক্তভোগী নারী ও পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে নিজেদের চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় গৃহবধূর নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন ওই দম্পতি।

পথিমধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে নিরাপত্তার কথা বিবেচনায় তারা মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে অবস্থান নেন। এ সময় হাসপাতালের গেটে রাত্রিকালীন ডিউটিতে থাকা আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ দম্পতিকে সহযোগিতার আশ্বাস দেন। 

একপর্যায়ে অভিযুক্ত দুই আনসার সদস্য গৃহবধূকে হাসপাতালের ১০ তলা ভবনের ভেতরে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে ভয়ভীতি দেখিয়ে তারা গৃহবধূকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন।

ঘটনার পর ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা মানিকগঞ্জ সদর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বে থাকা আনসার সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। ভুক্তভোগী নারী অভিযুক্ত দুই আনসার সদস্যকে শনাক্ত করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সচেতন মহল।

ইএইচ