ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি বা টপসয়েল কাটার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ৯টা থেকে আড়াইটা পর্যন্ত দীর্ঘ অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়। একই সাথে মাটি কাটায় ব্যবহৃত দুটি খননযন্ত্র বা এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়েছে।
উপজেলার পশ্চিম চর দরবেশ এলাকায় এই অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে ফসলি জমির মাটি কাটার খবর পেয়ে তিনি সেখানে অভিযান চালান।
অভিযান চলাকালীন মাটিকাটার কাজে সরাসরি যুক্ত থাকার অপরাধে আবু বক্কর ছিদ্দিককে এক মাস এবং আব্দুর রহমান সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আবু বক্কর ছিদ্দিক রুহুল আমিনের ছেলে এবং আব্দুর রহমান সুমন আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
অভিযানে স্থানীয় আনসার ও পুলিশ সদস্যদের দুটি পৃথক দল ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। আইনি প্রক্রিয়া শেষে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্র দুটি জব্দ করে অকেজো করে দেওয়া হয়।
সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতে আরও জোরালো হবে এবং অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ