হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩-নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের ৬-নং ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লার প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করতে গিয়ে বুধবার মাটির নিচ থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
আনুমানিক দুপুর সাড়ে ১২টায় কাজ করার সময় শ্রমিকগণ 'CCS-60C' মডেলের এ টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেডটি কুড়িয়ে পান।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশ ও সেনাবাহিনী ছুটে যান। তারা সেখানে উপস্থিত সবাইকে সরিয়ে দিয়ে গ্রেনেডটি একটি নিরাপদ স্থানে রাখেন এবং পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করে পাহারার ব্যবস্থা করেন।
এ সময় বিষয়টি পুলিশ সুপারসহ সিলেট সেনা অধিদপ্তরকে জানানো হয়। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টায় গ্রেনেডটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়।
সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের অ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার (এটিও) ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনির নেতৃত্বে এবং কর্পোরাল মশিউর রহমানের অধীনস্থ একদল বোম ডিসপোজাল গ্রুপ এ কার্যক্রমে অংশ নেয়। ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের উপস্থিতিতে পাড়াগাঁও মহল্লার ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন হাওরের ধানি জমির পাশে একটি পুকুর পাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে এ গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং থানা পুলিশের সদস্যগণ। গ্রেনেড নিষ্ক্রিয় করার দৃশ্য দেখার জন্য এলাকার শত শত নারী, পুরুষ ও শিশু চারদিকে ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, কৃষি জমির চারপাশে বাউন্ডারি দেওয়ার জন্য গর্ত করতে গিয়ে শ্রমিকগণ মাটির নিচে এ শক্তিশালী হ্যান্ড গ্রেনেডটি খুঁজে পান। খবর পাওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেনেডটিকে মহিবুর মিয়ার বাড়িতে কড়া পাহারায় রেখেছিল। গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়, যা পুরো উপজেলায় টক-অব-দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
ইএইচ