সোনারগাঁ-আড়াইহাজার সড়কে ডাব বহনকারী ট্রাক ছিনতাই

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)  প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৪:৪২ পিএম

সোনারগাঁ থানার তালতলা বাজার সংলগ্ন আড়াইহাজার থেকে মদনপুর সড়কে দুষ্কৃতীরা ডাব বহনকারী একটি ট্রাক ছিনিয়ে নিয়েছে। ট্রাকের ড্রাইভার ও হেলপারকে হাত-পা বেঁধে ফেলে যাওয়ার ঘটনা বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে নরসিংদী যাচ্ছিল ঢাকা মেট্রো ন ২০-৫২৭৭ নম্বর ট্রাকটি। যা রাতের অন্ধকারে তালতলা বাজার সংলগ্ন সড়কে পৌঁছালে ৮ থেকে ৯ জন দুষ্কৃতী একটি পিকআপ ব্যবহার করে ট্রাকের গতিরোধ করে। তারা ড্রাইভার ও হেলপারকে জিম্মি করে ট্রাকটি ছিনিয়ে নিয়ে যায় এবং পরে আড়াইহাজার থানার বান্টি বাজার সংলগ্ন স্থানে হাত-পা বেঁধে ফেলে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করেছে। পুলিশ জানায়, দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি অভিযান চলছে এবং ট্রাক উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনাটি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি সোনারগাঁ থানার এলাকার মধ্যে পড়েছে। তাই এ ঘটনায় মামলা হবে সোনারগাঁ থানায়।”

স্থানীয়রা বলেন, “রাতের বেলা এ সড়কে এমন ডাকাতি মানুষের চলাচলকে আতঙ্কিত করছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা নেন, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব।”

ইএইচ