মাগুরা জেলায় বিএনপির মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা নতুন করে দৃশ্যমান হচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুর উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সব্দালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা ও উপজেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্ছু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মোনয়ার হোসেন খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আলি আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্যে আলহাজ মোনয়ার হোসেন খান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন, মাগুরা জেলা বিএনপির আন্দোলন সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দমন পীড়নের মধ্যেও এখানকার নেতাকর্মীরা কখনও মাঠ ছেড়ে যাননি।
মোনয়ার হোসেন খান আরও বলেন, দেশের মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মাগুরা-১ আসনসহ পুরো জেলায় দলকে আরও সুসংগঠিত করে মানুষের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করা হবে।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন ও ফরিদ খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বিএনপি নেতার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানাজ ফেরদৌস হ্যাপী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন এবং সব্দালপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. লিপটনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মাগুরা জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ইএইচ