ওসমানী হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০১:৩৮ পিএম

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বর্তমানে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে হাসপাতালের চতুর্থ তলার ৬ নম্বর ওয়ার্ডে এই অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে হাসপাতালের সাধারণ চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

তর্ক থেকে শুরু করে ভাঙচুর ও হামলা হাসপাতাল সূত্রে জানা যায়, রোগীর স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে প্রথমে নার্স ও ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন এবং দায়িত্বরতদের ওপর হামলা চালান।

অভিযোগ উঠেছে, হামলায় এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে হেনস্তা করা হয়েছে। এছাড়া ওয়ার্ডে দায়িত্বরত কয়েকজন কর্মীও মারধরের শিকার হয়েছেন।

পাল্টাপাল্টি মারধর ও আটক হামলার খবর পেয়ে অন্যান্য শিক্ষানবিশ চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে এক নারীসহ তিনজনকে আটক করেন। পরে চিকিৎসক ও স্টাফরা মিলে রোগীর স্বজনদের বেধড়ক পেটান বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ গভীর রাতে ওই তিনজনকে আটক করে নিয়ে যায়। বর্তমানে তারা নগরের অন্য একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশি হেফাজতে রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য হাসপাতালের উপপরিচালক মো. মাহবুবুর রহমান বলেন, হামলার ঘটনায় নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষানবিশ চিকিৎসকরা রাত থেকেই কর্মবিরতি পালন করছেন। হামলার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতালের প্রধান অগ্রাধিকার। বর্তমানে হাসপাতাল এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পুলিশের অবস্থান ও আইনি ব্যবস্থা সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তর্কের জের ধরে মারামারির খবর পেয়ে পুলিশের একাধিক দল হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হামলার ঘটনায় বর্তমানে কয়েকজন আটক আছেন। হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর