মাগুরায় তর্কের জেরে পাটবোঝাই নসিমনে আগুন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৪:২৪ পিএম

মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় তুচ্ছ তর্কের জেরে একটি পাটবোঝাই নসিমনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

শনিবার দুপুরে একটি রিকশা ও নসিমনের মধ্যে চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট বাদানুবাদের জেরে এই কাণ্ড ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তর্ক থেকে অগ্নিকাণ্ড প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলাচলের পথ নিয়ে তর্কের একপর্যায়ে রিকশাচালক উত্তেজিত হয়ে নসিমনে থাকা পাটে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই শুকনো পাটে আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। এতে ঢাকা রোড এলাকায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হয় এবং সড়কে তীব্র যানজট দেখা দেয়।

ফায়ার সার্ভিসের তৎপরতা ও আটক খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এসময় উপস্থিত জনতা অভিযুক্ত রিকশাচালককে ধরে আটকে রাখেন এবং মাগুরা জেলা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

পুলিশের বক্তব্য ও তদন্ত মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিপুঞ্জ কুমার কুন্ড বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিকশাচালককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তর্কবিতর্কের জেরে এই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

যান চলাচল স্বাভাবিক অগ্নিকাণ্ডের কারণে সৃষ্ট যানজট নিরসনে মাগুরা ট্রাফিক পুলিশের সদস্যরা দ্রুত কাজ শুরু করেন। কিছু সময়ের মধ্যেই সড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং যান চলাচল পুনরায় শুরু হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নসিমনের পাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

জেএইচআর