বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না।
তিনি বলেন, কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড করছে জনগণ তা দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দিবে।
শনিবার দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় শীর্ষক এ মতবিনিময় সভায় বুলবুল আরও বলেন, বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি চ্যালেঞ্জ রয়েছে। যারমধ্যে একটি হচ্ছে চাঁদাবাজি আরেকটি হচ্ছে সন্ত্রাস। এ সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সৎ যোগ্য নেতৃত্ব।
ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি জামায়াত নেতা লতিফুর রহমান, সাবেক মেয়র জামায়াত নেতা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লা ও ব্যবসায়ি ইকবাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বুলবুল আরও বলেন, ৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব ছিল। বস্তা পচা রাজনীতিতে জনগণের অধিকার অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের সর্বোচ্চ জুলুম-নির্যাতন চালিয়েছে। এ ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজের হাত বদল হয়েছে। কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজ বন্ধ হয়নি। ২৪ এর আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও এ দেশ থেকে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়নি বরং সন্ত্রাস-চাঁদাবাজের হাত বদল হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের প্যাকেট ব্যতীত কোনো কাজ দেওয়া হয় না। আগামীর বাংলাদেশে আমরা খাম খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়ন মূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না।
তিনি আরও বলেন, কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রত্যেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে করার সুযোগ লাভের জন্য সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে আম শিল্প, কৃষিভিত্তিক ইপিজেড, কাসা, রেশম শিল্পের উন্নয়ন, সোনামসজিদ স্থলবন্দরের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ৬ লেন করার গুরুত্ব তুলে ধরে বলেন, সুযোগ পেলে এ চাঁপাইনবাবগঞ্জকে একটি মডেল হিসেবে গড়ে তুলবো। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ অংশগ্রহণ করেন।
ইএইচ