রংপুরে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণার উদ্বোধন করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৫২ পিএম

রংপুরে হাঁ ভোট প্রচারণায় ভোটারের গাড়ি ব্যবহার করে জনসাধারণকে আকৃষ্ট করতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। দেশ পরিচালনায় ভারসাম্য আনতে ৫ বছর পর ক্ষমতায় থাকা হবে না, দুই বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর কথায় ওঠবস করতে হবে না এ জন্য গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেবার আহ্বান জানালেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার বিকেলে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেবার প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

তিনি বলেন, গণভোট কারো ব্যক্তি বিশেষের নয় এটা দেশের বিষয়। আমরা ক্ষমতার ভারসাম্য আনার জন্যই সকলের মতামতের উপর ভিত্তি করে সুনির্দিষ্ট বিষয়ের উপর গণভোট দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, চুয়ান্ন বছর পরে দেশের শাসন কাঠামোতে পরিবর্তন আনা সম্ভব যদি আমরা গণভোটে যাই এবং হ্যাঁর পক্ষে অবস্থান নেই। তাহলে জনগণের ক্ষমতা চর্চা করার ক্ষেত্রে প্রসারিত হবে। আর প্রশাসন জনগণের কাছে জবাবদিহিতা করা যে বাধ্যতামূলক এটা উপলব্ধি করবে। 

তিনি বলেন, যদি আমরা স্বাধীন বিচারব্যবস্থা চাই এবং প্রভাব মুক্ত নির্বাচন চাই তাহলে অবশ্যই হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে। ক্ষমতার ভারসাম্যের মাধ্যমে সাম্য ভিত্তিক ও ন্যায় ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।

এরপর তিনি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ করেন।

ইএইচ