আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুর। জুলাই বিপ্লবের শহীদদের প্রতিশ্রুতি রক্ষা এবং স্থানীয় সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন।
শিল্পায়ন ও কর্মসংস্থানের অঙ্গীকার নির্বাচনী লক্ষ্য নিয়ে হাসিবুর রহমান অপু বলেন, “নির্বাচিত হলে আমার প্রধান লক্ষ্য হবে এই তিন উপজেলায় অন্তত ১০টি শিল্প-কারখানা গড়ে তোলা। এর মাধ্যমে এলাকার প্রায় আড়াই লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। জুলাই বিপ্লবের চেতনা ও ৭১-এর মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আমি এই জনপদের মানুষের মুক্তির জন্য কাজ করতে চাই।”
স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রেক্ষাপট এনসিপি নেতা জানান, দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচনী সমঝোতা করার আগেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যদিও শুরুতে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করেছিলেন, তবে পরবর্তীতে নির্বাচন কমিশনের আপিলে তিনি প্রার্থিতা ফিরে পান।
চুড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দলের অবস্থান প্রসঙ্গে অপু বলেন, “দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা চলছে এবং আজ ২০ জানুয়ারি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে এলাকার মানুষ ও তরুণ সমাজ চায় আমি নির্বাচনে থাকি। আমি মূলত এলাকার সাধারণ মানুষের প্রত্যাশাকে সম্মান জানিয়েই মাঠে রয়েছি। দল কোনো নতুন নির্দেশনা দিলে জনগণের সঙ্গে আলোচনা করেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।”
বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হওয়ার প্রত্যয় তিনি আরও যোগ করেন, “বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হতে এবং একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসার মর্যাদা দিতেই আমি এই নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।”
জেএইচআর