ঢাকার পূর্বাচলে চলমান ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার মেলার ১৫তম দিনে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকারের তদারকি অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম মেলার স্টলগুলোতে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের গুণগত মান এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ভোক্তা-অধিকারের কর্মকর্তারা জানান, মেলায় আগত দর্শনার্থীরা যাতে প্রতারিত না হন, সে লক্ষ্যে এই তদারকি মাসব্যাপী অব্যাহত থাকবে। বিশেষ করে খাবার স্টলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিরাপত্তা ও শৃঙ্খলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মেলা প্রাঙ্গণে পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের নিয়মিত টহল দিতে দেখা গেছে। দর্শনার্থীদের তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।
ক্রেতা সমাগম ও অভিযোগ এ বছর মেলায় দেশি-বিদেশি মোট ৩২৪টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী আসলেও অনেক ক্রেতা পণ্যের চড়া দাম নিয়ে অভিযোগ করেছেন। ভোক্তা-অধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া মাত্রই অভিযুক্ত স্টলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মেলা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে মেলায় শৃঙ্খলা বজায় থাকবে এবং দর্শনার্থীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারবেন।
জেএইচআর