চৌগাছায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১১:৫৮ এএম
প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তফজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৫০) এবং একই গ্রামের মেলোর ছেলে পলাশ (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুল ইসলাম ও পলাশ সলুয়া বাজারে পাশাপাশি ব্যবসা করতেন। জমাজমি বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার বিকেল ৩টার দিকে চৌগাছা–যশোর সড়কের সলুয়া আদর্শ কলেজের প্রায় ৫০ গজ উত্তরে কামরুল স্টোর ও জামির এন্টারপ্রাইজের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ধারালো অস্ত্র (গাছিদা) দিয়ে রফিকুলকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে নড়াইল জেলার চৌগাছা ব্রিজ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

রফিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পলাশকে ধরে গণধোলাই দেয়। এতে পলাশ গুরুতর আহত হন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এএন