শালিখায় সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৪৭ পিএম

মাগুরার শালিখা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শালিখা থানাধীন সবলাট গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে মানিক হোসাইন (২২) ও কালাম মোল্লা (৫১) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শালিখা থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকায় সন্ত্রাসী ও অপরাধমূলক তৎপরতা রোধে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সন্দেহজনক কোনো তথ্য বা অপরাধ সংক্রান্ত তথ্য নিকটস্থ সেনাক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। স্থানীয়দের মধ্যে অভিযানের পর স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

ইএইচ