ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমানকে এনসিপি থেকে অব্যাহতি

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৩:২৬ পিএম

ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

হাসিবুর রহমান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি প্রদান করা হলো।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জাহিদ বলেন, হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমান অপু ঠাকুরকে দলের সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এনসিপি নেতা হাসিবুর রহমান অপু ঠাকুর বলেন, আমাদের দল ১০ দলীয় জোটে গেছে। এ আসন থেকে সেই জোট জামায়াতে ইসলামী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জামায়াতের সঙ্গে কাজ করতে আমি অনাগ্রহ প্রকাশ করায় আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব, মাঠে থাকব।

তিনি আরও বলেন, প্রথমে আমাদের দল থেকে মনোনয়ন দেওয়ার কথা ছিল তিনশ আসনে। সে ক্ষেত্রে আমি পাব কি পাব না একটা ব্যাপার ছিল। ১২৫ (দলের প্রাথমিক মনোনয়ন তালিকা) এর মধ্যে আমার নাম ছিল না। তখন আমি স্বতন্ত্র করব বলে প্রস্তুতি নিয়েছি। মনোনয়ন কেনার পর জোটটা হয়, তখন আমি মনোনয়ন সাবমিট করে ফেলি। প্রথমে মনোনয়ন বাতিল করা হয় পরে ১৬ জানুয়ারি বৈধতা পাই। আমি জনপদের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করি। জনগণ আমাকে ছাড়ছে না।

ইএইচ