মানিকগঞ্জের ঘিওরে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো বাংলা ইয়ুথ সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ী গ্রামে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ডেবনেয়ার গ্রুপের সহযোগিতায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
জাগো বাংলা ইয়ুথ সোসাইটির সভাপতি ও মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (টিআরইউ) সভাপতি বি.এম খোরশেদ এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় উথুলী কেন্দ্রীয় আব্দুল গণি সরকার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. মো. রমজান আলী, স্থানীয় বাসিন্দা ওয়াজ উদ্দিন (ওয়াজ পাগল), ছবেদ মাতবর, শ্রীবাড়ী পশ্চিমপাড়া কবরস্থানের সভাপতি মুরাদ হোসেন, স্থানীয় যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন রুপচান ও ছাত্রদল নেতা শিপন আহমেদ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণে অগ্রাধিকার দেওয়া হয় এলাকার প্রবীণ নারী-পুরুষ, অসুস্থ, প্রতিবন্ধী, এতিম ও দরিদ্র মানুষদের। সংগঠনের সভাপতি বি.এম খোরশেদ বলেন, জাগো বাংলা ইয়ুথ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। প্রতি বছরের মতো এবারো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য তিনি ডেবনেয়ার গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ইএইচ