নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদসহ নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে শুক্রবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণশ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গৌরাঙ্গ গোস্বামী ও আলাবক্স জামে মসজিদের পেশ ইমাম আব্দুল কাদের সাকের।
কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ডাকাতিসহ ৬ মামলার আসামি রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা এনামুল হক মাসুদসহ নিরীহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
ইএইচ