বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান

শরিফুল ইসলাম, রংপুর প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:০৬ পিএম

রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে রংপুর সার্কিট হাউস কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সময়ে গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ না থাকার কারণে নিজেদের অধিকার আদায় করতে পারেনি।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকলেও পেশাগতভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করা উচিত নয়। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম কর্মশালায় আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গণমাধ্যমকর্মীদের করণীয়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনী নীতিমালা ২০২৫, সাংবাদিকদের জন্য অনুসরণীয় আচরণবিধি ১৯৯৩ (সংশোধিত ২০০২), বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সাংবাদিকতা বিষয়ে প্রাসঙ্গিক ধারাসমূহ, বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আইন ২০১৪ এবং তথ্য অধিকার আইন ২০০৯ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় রিসোর্স পারসনের বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বলেন, সাংবাদিকতা পেশা দেশের সম্মানিত পেশাগুলোর মধ্যে অন্যতম। এজন্য এই পেশায় নীতি-নৈতিকতার কোনো বিকল্প নেই। সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সর্বদা সচেষ্ট থাকতে হবে। আসন্ন নির্বাচনে সাংবাদিকদের করণীয় বিষয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল। দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রংপুরের বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

ইএইচ