খুলনার দৌলতপুরস্থ পাবলা সবুজ সংঘ মাঠে আজ শনিবার সকালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ব্যাংকার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী এই মহাযুদ্ধে মুখোমুখি হয় দেশের দুই শীর্ষস্থানীয় ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে জনতা ব্যাংককে ২৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনালী ব্যাংক পিএলসি।
ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সোনালী ব্যাংক পিএলসি। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ২০১ রানের এক বিশাল সংগ্রহ দাঁড় করায়।
সোনালী ব্যাংকের ব্যাটারদের দাপুটে ব্যাটিং মাঠের দর্শকদের দারুণ আনন্দ দেয়। জয়ের জন্য ২০২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে জনতা ব্যাংক পিএলসি লড়াকু মানসিকতা দেখালেও নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রানেই থমকে যায়। ফলে ২৫ রানের জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে সোনালী ব্যাংক পিএলসি।
খেলা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি-এর ডিজিএম গাজী আল বেরুনী, জনতা ব্যাংক পিএলসি-এর ডিজিএম মফিজুল ইসলাম এবং সোনালী ব্যাংকের এজিএম কঙ্কন কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন পাবলা সবুজ সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম বাবুসহ দুই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা ও ক্লাবের সদস্যবৃন্দ।
পুরস্কার বিতরণী বক্তব্যে অতিথিরা বলেন, ব্যাংকারদের কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলা অনন্য ভূমিকা পালন করে। হার-জিত বড় কথা নয়, বরং এমন সুন্দর পরিবেশে ছয়টি ব্যাংকের কর্মকর্তাদের মিলনমেলাই এই আয়োজনের সার্থকতা।
তারা ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং বিজয়ী ও রানার্সআপ উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।
ইএইচ