শিবচরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:২৭ পিএম

বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপুরের শিবচর বিএনপি ও অঙ্গসংগঠনের দোয়া মাহফিল ও আলোচনা সভায় মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার শিবচরে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

শিবচর উপজেলার ভান্ডারীকান্দি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

এ সময় প্রার্থী নাদিরা আক্তার বলেন, “দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি শিবচরে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নে সমানতালে কাজ করব। আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকব।”

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার।

দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় বক্তারা আগামী নির্বাচনে মাদারীপুর-১ আসনে নাদিরা আক্তারকে বিজয়ী করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী প্রমুখ।

ইএইচ