দীঘিনালায় অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

দীঘিনালা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৩১ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি বাঁচা মেরুং এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. শাহীন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫ ধারা অমান্য করায় তাকে এই দণ্ড দেওয়া হয়।

রোববার সকালে বেতছড়ি বাঁচা মেরুং এলাকায় জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ। অভিযানকালে তিনি ১ লাখ টাকা জরিমানা আদায় করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ বলেন, সরকারি আইন অমান্য করে কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ