নেত্রকোণায় আদালতের আদেশ অমান্য করে ভূমি দখলের পাঁয়তারা: প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৩৩ পিএম

নেত্রকোণা পৌরসভার বহির চাপড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া মালিকানাধীন জমি জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

রোববার বিকেলে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী মো. সফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. সফিকুল ইসলাম বলেন, নেত্রকোণা পৌরসভার ৪ নং ওয়ার্ড বহিরাচাপড়া এলাকায় তাদের প্রায় ১০০ বছরের পুরনো পৈতৃক সম্পত্তি রয়েছে। সম্প্রতি ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌস কবির রুমেলের নেতৃত্বে ভুয়া দলিল ও জাল ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করে ওই জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে একটি মহল। এ ঘটনায় সংক্ষুব্ধ হয়ে তারা আদালতের শরণাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ওই জমিতে ১৪৫ ধারা জারি করেন (মামলা নং: ৯০৫/২৫)।

অভিযোগ করা হয় যে, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২৪ জানুয়ারি ওই মহলটি আমিন নিয়ে অবৈধভাবে জায়গাটি দখল করতে যায়। 

খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার ওসি (অপারেশন) ওয়াসিম কুমার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ দখলদারদের ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং কাজ বন্ধ করে দেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা আরও জানান, এই মহলটি মৃত নবী হোসেনের ভুয়া ওয়ারিশান সেজে এবং জাল বিআরএস পর্চা তৈরি করে আদালতে আপিল করেছে। যা নবী হোসেনের প্রকৃত ওয়ারিশানরা জানেন না। বিষয়টি জানাজানি হলে তারা মামলা প্রত্যাহারের দাবি জানালেও প্রতিপক্ষ পেশিশক্তির জোরে বারবার জমি দখল ও হামলার চেষ্টা চালাচ্ছে।

এ অবস্থায় নিজেদের জানমাল ও পৈতৃক সম্পদ রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম, রুহুল আমিন, সোহেল বাশার, মানিক মিয়া ও সোহরাবসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

ইএইচ