যশোর ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

যশোর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৮:১৮ পিএম

নারী প্রার্থী হওয়ায় ঝিকরগাছা-চৌগাছার সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিপুল জনপ্রিয়তাকে ভুল ও অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবিরা নাজমুল মুন্নি। 

তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রার্থী পরিকল্পিতভাবে তার বাড়িতে নারী কর্মী পাঠিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করে আচরণবিধি লঙ্ঘনের বিভ্রান্তিকর তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছেন।

সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাবিরা নাজমুল মুন্নি বলেন, ২৫ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী তার বাড়িতে ভোট চাইতে যান। সে সময় তার বাড়িতে থাকা নারী সদস্যরা তাদের জানান, এই বাড়িতে একজন প্রার্থী আছেন, তাই এখানে এসে দাঁড়িপাল্লা প্রতীকের ভোট চাওয়া বোকামি। তখন জামায়াতের নারী কর্মীরা বলেন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে মোনাফেক ও জান্নাত বঞ্চিত হবেন। এই কথা বলার পর নারী কর্মীদের সাথে মৌখিক তর্কবিতর্ক হয় এবং তারা বাড়ি ছেড়ে চলে যান।

মুন্নি আরও বলেন, ঘটনার সময় প্রয়াত নাজমুল ইসলামের ছোট ভাই আরাফাত কল্লোল বাড়িতে উপস্থিত ছিলেন না। অথচ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ ফৌজদারি অভিযোগে উল্লেখ করেছেন, কল্লোল নাকি তাদের কর্মীদের ওপর হামলা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ধানের শীষ প্রতীকের আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকরা ভোটের সুষ্ঠু পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, শুধু যশোর-২ আসনে নয়, যশোরের সব কটি আসনে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। নির্বাচনি সুস্থ পরিবেশ বানচাল করার জন্য নীল নকশা তৈরি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুবদলের ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরাফাত কল্লোল, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া ইয়াসমিন ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নওয়াজিস ইসলাম রিয়েল।

ইএইচ