শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১২:১৬ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। 

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনাক্যাম্প ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম হাবিবুর রহমান। তিনি শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। 

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ২৭শে জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নিজ বাসায় অবস্থান করছে বলে জানতে পারে সেনাবাহিনী। 

উক্ত তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প এবং ১৭ বিজিবির সম্মিলিত প্রচেষ্টায় রাত ২.৩০ মিনিটে সন্ত্রাসী হাবিবুরের বাড়িতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে হাবিবুর রহমানকে যৌথবাহিনী হাতেনাতে আটক করতে সক্ষম হয়। 

অভিযানে উক্ত সন্ত্রাসীর নিজ বাসস্থানের সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বাসস্থানের ভেতর থেকে বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে সকাল ৮.৩০ মিনিটে উক্ত আসামিকে জব্দকৃত মালামালসহ শ্যামনগর থানায় ১৭ বিজিবির মাধ্যমে হস্তান্তর করা হয়। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান চলমান থাকবে বলে সেনাবাহিনী জানায়।

এএন