কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি মেলার উদ্বোধন উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
অতিথিবৃন্দ ও আলোচনা কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম এবং দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।
মেলার লক্ষ্য ও প্রদর্শনী আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো কৃষকদের মাঝে আধুনিক, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং ফসল উৎপাদন বৃদ্ধি করা। মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত মানের বীজ, টেকসই সার ব্যবস্থাপনা এবং জৈব বালাইনাশকসহ বিভিন্ন প্রযুক্তির স্টল প্রদর্শন করা হয়েছে। এ ছাড়া বিশেষজ্ঞ কর্মকর্তারা কৃষকদের হাতে-কলমে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।
জেএইচআর