নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে আটক করেছে।
আটক ব্যক্তির নাম মো. সোহেল রানা (২২)। তিনি রংপুর জেলার পীরগাছা থানাধীন যাদুলস্কর অন্নদা নগর গ্রামের নূরুল ইসলামের ছেলে।
বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের একটি চৌকস টিম নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মঙ্গলবার ২৭ জানুয়ারি দিবাগত ভোর রাতে দৌলতপুর হাসপাতাল রোড এলাকাস্থ রহিমা এন্টারপ্রাইজ নামীয় দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মোহনগঞ্জ টু ধর্মপাশা পাকা সড়ক থেকে মো. সোহেল রানাকে ১০ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে আটক মাদক কারবারির বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
ইএইচ