চরফ্যাশনে হাতপাখার নারী কর্মীদের ওপর হামলা, আহত ৩

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৪১ পিএম

ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর নারী কর্মীদের ওপর প্রতিপক্ষ জামায়াত প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়েসহ তিনজন আহত হয়েছেন। 

বুধবার সকাল ৯টায় চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চলাকালে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।

প্রচারণায় বাধা ও মারধর স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল তাঁর দুই ভাই ও কয়েকজন নারী কর্মীকে নিয়ে সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বাবার পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াত ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাঁদের প্রচারণায় বাধা দেন এবং এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধ হয়ে হাতপাখার কর্মীদের ওপর হামলা চালান।

ভুক্তভোগী ও প্রার্থীর বক্তব্য মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে লিখিত বক্তব্যে জানান, কোনো উস্কানি ছাড়াই জামায়াত কর্মীরা তাঁদের ওপর হামলা করেছে এবং প্রচারণায় বিঘ্ন ঘটিয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিন বলেন, জামায়াত কর্মীরা আমার নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তারা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়।

জামায়াত ও প্রশাসনের ভাষ্য ঘটনার পর অভিযুক্ত জামায়াত কর্মী সোহেল ও আলাউদ্দিন আত্মগোপনে থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। তবে চরফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মো. শরিফ জানান, যদি তাঁদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তবে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ঘটনাটি তাঁকে জানানো হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর