আবু সাইদ-মুগ্ধরা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য জীবন দেন নাই: মুফতি সৈয়দ রেজাউল করিম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৬:৪৫ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে নীতি আদর্শের মাধ্যমে দেশ ৫২/৫৪ বছর চলেছে এর মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া কিছুই বাস্তবায়ন হয় নাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লাখ লাখ মানুষ জীবন দিলেও এর বিনিময়ে আমরা পাঁচবার চোরের দিক থেকে সারা বিশ্বে প্রথম হয়েছি।

বুধবার বিকেলে জেলা শহরে স্বাধীনতার বিজয় স্তম্ভে কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ৫ আগস্টের পর এদেশের মানুষের ন্যায় বিচারসহ সকল অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছিল। সেই সুযোগটি কাজে লাগানোর জন্য আমরা চেষ্টাও করেছিলাম। পরিবেশও হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেখানে ক্ষমতালোভীরা বিভিন্ন ষড়যন্ত্র শুরু করলো। বিএনপি ও জামায়াতের নেতৃত্ব জোট পরিষ্কারভাবে বলেছে, তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে। যদি তাই হয় তাহলে এই জীবনগুলো দেওয়ার কী দরকার ছিল।

তিনি আরও বলেন, আবু সাইদ তার বুক পেতে দিয়ে বৈষম্য কেন দূর করতে চেয়েছিল। মুগ্ধ পানি পানি করে মাটিতে লুটিয়ে পড়েছিল। তারা প্রচলিত নিয়মে দেশ পরিচালনার জন্য ত্যাগ স্বীকার করেন নাই। এ সময় ইসলামের পক্ষের একটি মাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

কুড়িগ্রাম-২ আসনের নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুর বখ্ত মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ