চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৪:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি জনসচেতনতামূলক সভা ও সেমিনার করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়। 

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’ এমন সব স্লোগানকে সামনে রেখে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এ. কে. এ. শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করানো হয় এবং ‘মাদককে না বলি’ শীর্ষক লাল কার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের কৃতী দুজন শিক্ষার্থীসহ অন্যান্যদের পুরস্কার প্রদান করা হয়। আলোচনা সভা শেষে গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীরা।

ইএইচ