অভিনয়, সংগীত ও ব্যবসা একাধিক পরিচয়ে পরিচিত আলী মুরতজা পলাশ। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন আরেকটি অধ্যায়। প্রথমবারের মতো পালাগানের শিল্পী হিসেবে মঞ্চে অভিষেক ঘটল তার।
বুধবার রাতে মানিকগঞ্জের জমদুয়ারা ওয়ায়েছিয়া দরবার শরিফ প্রাঙ্গণে প্রখ্যাত বাউল শিল্পী আলেয়া বেগমের সাথে পালাগান পরিবেশন করেন আলী মুরতজা পলাশ।
গুরু-শিষ্যের এ পালায় গুরুর ভূমিকায় ছিলেন আলেয়া বেগম এবং শিষ্যের ভূমিকায় পলাশ। প্রথম মঞ্চেই পেশাদার পালাগানের শিল্পীর মতো পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। গান ও উপস্থাপনায় আত্মবিশ্বাসী উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আলী মুরতজা পলাশ জেপি গ্রুপের চেয়ারম্যান। টেলিভিশন ও মঞ্চ মিলিয়ে অর্ধশতাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের সাথে ‘শিকার’ সিনেমার নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন পলাশ। আগামী মাসে নেপালে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
প্রথমবার পালাগান গাওয়ার অনুভূতি প্রকাশ করে আলী মুরতজা পলাশ বলেন, ‘পালাগান আমাদের লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মাতা আলেয়া বেগমের সাথে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের। শিল্পী হিসেবে নতুন এক অভিজ্ঞতা হলো, যা আজীবন মনে থাকবে।’
ইএইচ