শালিখায় যৌথ বাহিনীর অভিযানে বিএনপি ও যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:০৫ এএম

মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিএনপি ও যুবদলের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় তাঁদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। তাঁরা উভয়েই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। ভোর ৬টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

অভিযানকালে তাঁদের হেফাজত থেকে দুইটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ ছাড়াও তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী।

শালিখা থানা সূত্র জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই নেতা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

জেএইচআর