দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল: হাবীব আজম

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৪:২৯ পিএম

রাঙামাটি আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টায় রাঙামাটি ডিসি বাংলো পলওয়েল পার্কে দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। 

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি।

এছাড়াও উপস্থিত ছিলেন, স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক উরফিতা তালুকদার এবং প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমাসহ শিক্ষক ও অভিভাবকেরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. হাবীব আজম ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, রাঙামাটি আইটি স্কুল শুধু আইটি শিক্ষায় নয়, সাংস্কৃতিক ও শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়।

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা আইয়ুব ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। এ অঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক ও সৃজনশীলতায় এগিয়ে যাক, এটাই আমাদের লক্ষ্য। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মনোভাব তাদের সাফল্যের মূল হাতিয়ার।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড়সহ নানা রকমের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আনন্দঘন চড়ুইভাতি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিরা।

ইএইচ